স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বেগম রোকেয়া আর নেই
আরবান ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ রাত

স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, নেত্রকোণায় নারী জাগরণের অগ্রদূত ও এনজিও সেক্টরের পথিকৃৎ সমাজসেবিকা বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন।
আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম রোকেয়া ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ (সাস)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক। তাঁর মৃত্যুতে নারী উন্নয়ন ও সমাজসেবামূলক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইডেন থেকে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নেত্রকোনায় তাঁর দাফন সম্পন্ন করা হবে।
বেগম রোকেয়া ১৯৪৮ সালের ১৭ মে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৌরাট গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি স্নাতক (বিএ) ও শিক্ষাশাস্ত্রে স্নাতক (বিএড) ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬৯ সালে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পর ১৯৮৫ সালে চাকরি ছেড়ে সমাজসেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন এবং সমমনা ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি।
তাঁর নেতৃত্বে সংস্থাটি ময়মনসিংহ ও সিলেট বিভাগে নারী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এছাড়া তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি, পিকেএসএফ (PKSF) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক রওশন আখতার ও নির্বাহী পরিচালক সোপান কুমার পাল এক শোকবার্তায় বেগম রোকেয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


_medium_1769856116.jpg)

_medium_1769855150.jpg)


