রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্বধলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জুলফিকার আলী শাহীন। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে নানা প্রতিকূলতার মধ্য দিয়েই বিগত কমিটির পূর্ণ মেয়াদ শেষ হয়েছে। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গের উদার মনোভাব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বিদায়ী সভাপতি জুলফিকার আলী শাহীন ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মো. জায়েজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. জায়েজুল ইসলাম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় সভাপতি মো. জায়েজুল ইসলাম বলেন, তাকে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, সভাপতি হলেও একজন সাধারণ সদস্যের মতোই প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার বলেন, পূর্বধলা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন হয়-এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, সাবেক প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং সদস্য মোহাম্মদ আলী জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহাদা মেহজাবিন, ক্রীড়া সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মনসুর, দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শনিবার প্রেসক্লাবের সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েজুল ইসলাম সভাপতি এবং সাবেক তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত