জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বধলায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ বিকাল

জাতীয় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মো. তরিকুল ইসলাম (পূর্বধলা), নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুল কুদ্দুস, প্রশাসনিক কর্মকর্তা উত্তম পালসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ দাবি উত্থাপন করা হলেও সরকার এখনো এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রা নির্বাহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।







