১৮ কোটি মানুষের যতদিন পর্যন্ত মুক্তি নিশ্চিত না হবে প্রতিদিন পর্যন্ত ২৪ চলবে-জামায়াতের আমির
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ বিকাল

শেরপুরে ১১ দলীয় জোটের প্রধান জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ২৪ এখনো চলছে, ১৮ কোটি মানুষের যতদিন পর্যন্ত মুক্তি নিশ্চিত না হবে প্রতিদিন পর্যন্ত ২৪ চলবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দিবেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তবে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দেবেন, তবে বেশি দিতে যাইয়েন না। তবে অবশ্যই জবাব দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন। যদি দেখেন প্রশাসন কিছু করছে না এবং সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে গেছে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে এটা প্রতিহত করা।
তিনি নতুন প্রজন্ম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের দেশের যুবকদের বেকার ভাতা দিতে চাই না। বেকার ভাতা দিয়ে তাদের অপমান করতে চাই না। আমরা বেকার যুবকদের ক্ষেত্র ও যোগ্যতা অনুসারে কাজ তাদের হাতে তুলে দিবো। আমরা ওয়াদাবদ্ধ, জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা প্রত্যেক যুবক-যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব।
তিনি ১ ফেব্রুয়ারি রোববার দুপুরে শেরপুর শহরের পৌর দারোগ আলী মাঠে ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি তার বক্তব্য শেষে শেরপুরের তিনটি আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে সকলের কাছে ভোট চান।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যানের মধ্যে শেরপুরের ৩ টি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনের হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নুরুজ্জামান বাদল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. সামিউল ফারুকি, সাবেক জেলা আমীর ডাঃ শাহাদাৎ হোসেন, এনসিপির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় আমীর মাওলানা শফিকুল ইসলাম ও সূরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন, জেলা আমীর মাওলানা আব্দুল হালিম, এবি পার্টির জেলা সভাপতি শাজাহান মল্লিক, সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হিরা, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরের কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, জকসু সমাজ সেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান, শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মামুনুর রহমান, শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলামসহ জেলা, উপজেলা জামায়াত ও বিভিন্ন অঙ্গদলের এবং ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আমীর সকাল সাড়ে দশটার দিকে শেরপুর-৩ আসনের ঝিনাইগাতি উপজেলায় গত ২৮ জানুয়ারি বিএনপির-জামায়াতের এক সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম এর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান।







