শেরপুরে গুজব ও অপতথ্য প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ বিকাল

শেরপুর জেলা তথ্য অফিস এর আয়োজনে গুজব ও অপতথ্য প্রতিরোধে এবং সরকারের নির্বাচনী ইশতেহার বর্ণিত প্রধান প্রতিশ্রুতি সমূহ প্রচারের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২০২৭ অর্থ বছরের গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রম অংশ হিসেবে সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি, নৈতিক ও সামাজিক অবক্ষয়, মানসিক মূল্যবোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক ও দুনীতি প্রতির, ইভটিজিং প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা মূলক এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষা অফিসার মোঃ রায়হানুল আলম ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাসরিন রুপা সহ অন্যান্য সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।







