সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, এসএসসিতে শতভাগ পাসের লক্ষ্যে নানা উদ্যোগ


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, এবারের নির্বাচনী পরীক্ষায় ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে বিশেষ বিবেচনাসহ ৫২ জন উত্তীর্ণ হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব।

সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, ভালো ফলাফলের প্রত্যাশায় পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে অভিভাবকদের সম্মতিক্রমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকির জন্য বিদ্যালয়ে হোস্টেলের ব্যবস্থাও করা যেতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্তরিকতা ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মঞ্জুর হোসেন আকন্দ কাজল। তিনি বলেন, বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনে এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষী ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসএসসি পরীক্ষার আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে কঠোর পরিশ্রম করতে হবে, মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে এবং প্রতিটি মুহূর্ত পড়াশোনায় কাজে লাগাতে হবে। বিদ্যালয়ের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক প্রাণতোষ চন্দ্র দে, সহকারী শিক্ষক এমদাদুল ইসলাম আকন্দ কামাল, এডহক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান, অভিভাবক মো. নজরুল ইসলাম ও আবু হানিফ এবং শিক্ষার্থী ইসরাত জাহান ইভা ও উর্মি আক্তার।

সভায় উপস্থিত অভিভাবকেরা শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত