রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ দুপুর

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন COP31 জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘Global Day of Action for Climate Justice’ বা জলবায়ু ন্যায়বিচারের বৈশ্বিক কর্মদিবস। আন্তর্জাতিক এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জামালপুরে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
​‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর জামালপুর জেলা শাখার আয়োজনে র‍্যালিটি শহরের নারিকেলী মোড় থেকে শুরু হয়ে এম এ গফুর মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 
​র‍্যালিটিতে নেতৃত্বে ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ইমদাদ মিলন এবং তরুণ ধরা জামালপুর জেলা শাখার যুবনেতা খাদেমুল ইসলাম সুহাস। এছাড়াও পরিবেশকর্মী, শিক্ষার্থী, স্থানীয় সাইক্লিস্ট এবং সর্বস্তরের সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ সাইকেল নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।
​“আমাদের পৃথিবী, আমাদের অধিকার-জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করো!”-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানান।
 
পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়সংগত রূপান্তরের আহ্বান জানানো হয়।
 
​কর্মসূচি শেষে আয়োজক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে পরিবেশ সুরক্ষার এই বৈশ্বিক আন্দোলনে অংশগ্রহণকারী সকল সাইক্লিস্ট, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত