পূর্বধলায় কারামুক্ত জামায়াতের ২৫ নেতাকর্মীকে সংবর্ধনা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যাওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মী কারামুক্ত হওয়ার পর তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের রৌশনারা রোডে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নাল আবেদীনও ছিলেন।
গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে ফেরার পথে আগিয়া বাজার এলাকায় যুবদল নেতা মো. উমর শরীফের ওপর হামলা, টাকা ছিনতাই ও তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৫ মে উমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় জয়নাল আবেদীনকে প্রধান আসামি করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিএনপির দায়ের করা মামলাটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে নেতাকর্মীদের কারাবন্দি রাখার ঘটনায় তীব্র নিন্দা জানান। তাঁরা কারামুক্ত নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, শত জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে আদর্শিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না।
বক্তারা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কারামুক্ত নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সদ্য কারামুক্ত ২৫ নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







