শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম

শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড় ও চিরকুটে ‘বিশেষ উপহার’


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ দুপুর

‎শেরপুরের নকলা উপজেলায় দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ও নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন মিয়ার বাসায় কে বা কারা একটি উপহার বক্সের মধ্যে কাফনের কাপড়, মোমবাতি ও চিরকুট পাঠিয়েছে। 

‎এদিকে এই উপহার বাক্সকে ঘিরে রহস্যজনক হুমকির ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই সাংবাদিকদের পরিবারে। 

‎জানা যায়, দীর্ঘদিন ধরে নকলা উপজেলায় মাঠ পর্যায়ে সাংবাদিকতা করে আসছেন মো. মামুন মিয়া। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কারণে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব চাপ ও ভয়ভীতিকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনে অবিচল রয়েছেন তিনি।

‎অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একটি লাল ব্যাগ রেখে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে ব্যাগটি দেখতে পান সাংবাদিক মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে লেখা ছিল—জনাব মামুন, অহমিকার প্রাসাদ যতই সুউচ্চ হোক বাস্তবতার আদালতে প্রত্যেককেই নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আপনার জন্য আমাদের বিশেষ উপহার, আশা করি ভালো হয়ে যাবেন।’

‎ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মামুন মিয়া তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সামগ্রী পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিক মো. মামুন মিয়া জানান, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখার কারণেই তাঁকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তাঁর কলম থেমে থাকবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

‎এদিকে একজন সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। 

‎এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি, ‎তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে এমন সামগ্রী রেখে গেছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হুমকি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত