শেরপুরে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও শিক্ষা বিষয়ক অ্যাপস উদ্বোধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং এক্সাম হিরো নামে একটি শিক্ষা বিষয়ক অ্যাপস উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলা হল রুমে ‘এক্সাম হিরো লার্ন এন্ড গ্রো’ (exam hero learn & grow) এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসেন এবং এই অ্যাপস সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন অ্যাপস ডেভেলপার হৃদয় হাসান।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতি অনুষ্ঠিত এই উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, বিএনপি নেতা মোঃ দুলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন দুলাল, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন, জেলা ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের স্থানীয় বিএনপি ও জামায়েত নেতা সহ উপজেলায় প্রায় দেড় শতাধিক এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







