রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শিরোনাম

শেরপুরে আট মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রায় আট মাস আগে নিখোঁজ হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মো. শাহজাহান আলী (৭০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। 

অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় বাবাকে ফিরে পেয়েছেন তাঁর ছেলে। বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

পিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন। 

এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। তবে দীর্ঘদিনেও তাঁর খোঁজ মেলেনি।

গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে যান। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

পরে ওই বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু তাতেও সফলতা আসেনি। এদিকে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা তাঁর পরিবারের সন্ধান অব্যাহত রাখেন।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রবিউল ইসলাম রতন ও সংগঠনের কয়েকজন সদস্য শাহজাহান আলীকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সিস্টেম (এফআইভিএস) প্রযুক্তির মাধ্যমে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। জানা যায়, তাঁর নাম মো. শাহজাহান আলী। তাঁর বাবার নাম মুনজিল শেখ এবং মায়ের নাম আজিরন খাতুন।

পরে পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। শনিবার (১৪ নভেম্বর) শাহজাহান আলীর ছেলে মো. জাবেদ ওরফে বাবুল ও নাতজামাই মো. সুমন মিয়া পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়।

বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ। এ ঘটনায় তিনি পিবিআই শেরপুর জেলা কার্যালয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন ব‌লেন, আমরা দীর্ঘদিন থেকেই অসুস্থ রোগী ও অজ্ঞাত হারানো ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় শাজাহান আলীকে আমরা উদ্ধার করার পর দীর্ঘদিন যাবত তার পরিবারের কোন খোঁজ খবর না পেয়ে পিবিআই এর সহযোগিতায় শাহজাহানের ছেলে ও অন্যান্য স্বজনদের হাতে আজকে তুলে দিয়েছি। এতে আমরা খুবই আনন্দিত এবং আগামীতেও আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

শেরপুর পি‌বিআই এর পু‌লিশ সুপার পঙ্কজ দত্ত ব‌লেন, আমরা নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি মানবিক যে কোন বিষয়ে সহযোগিতা করে আসছি। এরই ধারাবাহিকতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে আমরা অজ্ঞাত ব্যক্তি শাহজাহানকে সনাক্ত করি এবং পরবর্তীতে শাহজাহান মিয়ার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত