পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ দুপুর

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব-যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এমএ মান্নান, সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি সরিষা আবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। তিনি প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এসব প্রণোদনা কার্যকরভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।







