শেরপুর সীমান্ত থেকে প্রায় ১৮ লক্ষ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ দুপুর

শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে মালিক বিহীন পরিত্যক্ত বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বিজিবি।
১৫ নভেম্বর ভোর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভারতের মেঘালয় রাজ্য ঘেষা ১০৯৪ সীমান্ত পিলারের কাছে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা নামক এলাকায় ভারত হতে অবৈধভাবে আনা কসমেটিকস
৩ হাজার ৫৯৩ পিছৎবডি স্প্রে (ডেনভার) মালিকবিহীন অবস্থায় জব্দ করে। তবে বিজিবির দাবি তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত ভারতীয় ওই বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ ৯৬ হাজার ৫ শত টাকা।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার বিকেলে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে।







