সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে যৌতুক মামলায় দণ্ড, জামিনের শর্ত ভাঙায় কারাগারে ফায়ার সার্ভিস কর্মী


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ দুপুর

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফায়ার সার্ভিসকর্মী সুজন মিয়ার পুনরায় জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। আপিলের শুনানিতে আপসের শর্তে ১৫ দিনের জামিন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। 

সুজন মিয়া ময়মনসিংহের ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

মামলার নথি সূত্রে জানা গেছে, সুজন মিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রামে। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় তাঁর বিরুদ্ধে দায়ের করা সি.আর. যৌতুক মামলা (নং-৫৫৬/২৪) বিচার শেষে চলতি বছরের গত ৪ আগস্ট রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে সুজন মিয়া ক্রিমিনাল আপিল মামলা (নং-২৩৩/২৬) করেন। আপিলের শুনানি চলাকালে আদালত আপসের শর্তে তাঁকে ১৫ দিনের জামিন দেন। তবে জামিনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে তিনি পলাতক থাকেন। পরে পুনরায় জামিনের আবেদন করলে রোববার আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মেহেরুল ইসলাম বলেন, ‘সুজন মিয়া এ স্টেশনে কর্মরত ছিলেন। তবে কারাগারে যাওয়ার পর তিনি আর স্টেশনে আসেননি। বিষয়টি জানার পর অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। অধিদপ্তর বিষয়টি দেখছে।’

তিনি আরও জানান, কারাগারে যাওয়ার পর থেকে সুজন মিয়ার বেতন ও রেশন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ আগস্ট সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের মো: সুলতান আলীর মেয়ে রোকেয়া পারভীনের সাথে বিয়ে হয় সুজন মিয়ার। বিয়ের পর ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই প্রেক্ষিতে রোকেয়া পারভীন ২০২৪ সালের ৩০ এপ্রিল শেরপুরের আদালতে যৌতুক মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় রোকেয়া পারভীনকে তার শিশুকন্যাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত