এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী
আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:০৬ দুপুর
_original_1781507171.jpg)
আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে এমন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের পরীক্ষা শেষে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় এবং দ্রুত পরবর্তী ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়। তার ভাষ্য, কলেজ শেষ করেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করতে পারবে।
কারিগরি শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সারা দেশে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে। উন্নত বাংলাদেশ গঠনে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের বিস্তার অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে সংশোধিত ও পরিমার্জিত নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই হাতে পায়।
কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা কোচিং সেন্টারে যেতে না হয়—সেভাবেই শিক্ষা ব্যবস্থা সাজানো হচ্ছে। পাশাপাশি পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



_medium_1771925894.jpg)
_medium_1761130391.jpg)
_medium_1760420013.jpg)

