শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

মসজিদে জুমার খুতবার আগে পূর্বধলা থানার ওসির সচেতনতামূলক বক্তব্য


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ আগস্ট ২০২৬, ১১:৩৬ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের আগে আয়োজিত এ কর্মসূচিতে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদক ও জুয়ার মতো অপরাধ তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

বক্তব্যে ওসি আবদুল্লাহ আল-মামুন বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি মানুষকে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের শিক্ষা দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই সামাজিক সচেতনতা গড়ে তুলতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত মুসল্লিরাও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত