শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

ভালুকায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ সকাল

 ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি শেওলাঘেরা পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি পুকুরের পানিতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


স্থানীয় বাসিন্দাদের ধারণা, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন তার বয়স আনুমানি ৪০ থেকে ৪৫ বছর হবে।  গত কয়েকদিন ধরে তাকে বগাজান বাজার ও এর আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।  তবে তাৎক্ষণিকভাবে তার নাম বা পরিচয় নিশ্চিত করা যায়নি।


ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানিয়েছে, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত