পূর্বধলায় নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৩:৪১ দুপুর

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোণার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে উপজেলা প্রশাসন জনগণের কল্যাণে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম এ মান্নান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইউসুফ খান ফুয়াদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সঙ্গে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।







