ফার্মেসীতে হনুমান চিকিৎসার জন্য কাঁধে উঠে
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৭ বিকাল

যশোরের কেশবপুরে আহত একটি হনুমান চিকিৎসা পাওয়ার জন্য মানুষের কাঁধে উঠে গেল ফার্মেসীতে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শহরের প্রাণ কেন্দ্র ত্রিমোহিনী মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে রক্তাক্ত জখম অবস্থায় হনুমানটি শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য ব্যকুল হয়ে উঠে।
এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে এগিয়ে গেলেই তার কাঁধে উঠে বসে। তখন ওই সংবাদ কর্মী হনুমানটিকে কাঁধে করে পায়ে হেটে পাশের আলফা মেডিকেল ফার্মেসীতে নিয়ে যান। হনুমানটির আকুতি দেখে দ্রুত ফার্মেসীর কর্মচারীরা চিকিৎসা দেওয়ার কার্যক্রম শুরু করেন।
সংবাদকর্মী আব্দুর রহমান বলেন, হনুমানটির কাছে যাওয়া মাত্রই কাঁধে উঠে বারবার মাথা এবং শরীরে হাত বোলাতে থাকে। তার এমন আকুতিতে বিলম্ব না করে দ্রুত আলফা মেডিকেল ফার্মেসীতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাঁধ থেকে নেমে হনুমানটি টেবিলের উপরে বসে যায়। তখন ফার্মেসীর মালিক আনোয়ার হোসেনসহ কর্মচারীরা হনুমানটিকে চিকিৎসা শুরু করেন।
সংবাদকর্মী আব্দুর রহমান আরো জানান, জীবনে এমন একটি মুহুর্ত আসবে তা জানা ছিল না। কাঁধে করে হনুমানটিকে চিকিৎসা করাতে পেরে মনটা খুবই ভালো হয়ে গেল।
এ ব্যাপারে আলফা মেডিকেল ফার্মেসীর ডাক্তার আনোয়ার হোসেন বলেন, হনুমানটির ক্ষত স্থানে ভায়োডিন ও লেবালন পাউডার লাগানোর পর স্বস্তিবোধ করতে থাকে। পরে সুস্থ্য বোধ করায় হনুমানটি হেটে তাদের দলে ফিরে যায়।
উল্লেখ্য, হনুমানটি কিভাবে আহত হয় তা কেউ বলতে পারেননি। তবে উপস্থিত সকলেরই ধারনা হনুমানের দল শহরে কোন ছাদ থেকে লাফিয়ে গাছ বা অন্য ছাদে যাওয়ার সময় আহত হতে পারে।





_medium_1785844830.jpg)

