পূর্বধলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা আলম
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:১৩ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় এবং বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
রবিবার (২ আগস্ট) তিনি পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠান দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।
এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার, কমনরুম উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি অত্যাধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মানসুরা আলম। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে তিনি এ বৃক্ষরোপণ করেন।
সংসদ সদস্য মানসুরা আলম বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে বৃক্ষরোপণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





_medium_1785663224.jpg)

