সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৬, ০৭:১১ বিকাল

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে নেত্রকোণার পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে পূর্বধলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার, গাইনি কনসালটেন্ট ফাইজা বিনতে চৌধুরী, শিশু কনসালটেন্ট ডা. খোকন চৌধুরী, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. আনোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার, তাপসী রংমা, বাবলি রংমা, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, নার্সিং ইনচার্জ রুমা সাহা, সেকামো ইনচার্জ গোলাম মোস্তফা, স্টোর কিপার গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ সাধনা রুরাম, প্রধান অফিস সহকারী মুসাবিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুর জন্মের পর মায়ের বুকের দুধই শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার। শিশুর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। তাই জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং নির্দিষ্ট সময় পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

টিএইচও ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার। এতে শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই নবজাতককে জন্মের পর দ্রুত মায়ের বুকের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়ার বিষয়ে মায়েদের সচেতন করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট বিশ্বজুড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং মায়েদের বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করাই এ সপ্তাহ পালনের অন্যতম উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত