মাধবপুরে অভিমান করে গলায় ফাঁস, ৮ বছরের শিশুর মৃত্যু
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৮ বিকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরাফাত (৮) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত আরাফাতের পিতা বদরুল ইসলাম। তাদের স্থায়ী বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর বিন্নাকান্দি গ্রামে। পরিবারটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন শাহিন মিয়ার বাড়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরাফাতের বাবা বদরুল ইসলাম বড় মেয়ের জন্য পাত্র দেখতে নাসিরনগর উপজেলা-এ যান। এ সময় আরাফাতও তাদের সঙ্গে যাওয়ার জন্য জোরাজুরি করে। কিন্তু তাকে সঙ্গে না নেওয়ায় সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান করে শিশুটি গলায় ফাঁস দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





_medium_1785844830.jpg)

