পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত র্যালি বাতিল করে কেবল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তিনি আরও বলেন, জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা করছে। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির ছায়েদ আল মামুন শহীদ ফকির।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর, রুহুল আমিন ফকির, সালাহ উদ্দিন আহমেদ নওয়াব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানের কথা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মণ্ডল।







