বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবগঠিত কমিটি থেকে আলমগীর বাশারের পদত্যাগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৩ রাত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন আলমগীর বাশার (সুমন)।

বুধবার (৫ আগস্ট) তিনি নবগঠিত পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক জাকিয়া পারভীন খানম মনির কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে আলমগীর বাশার উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক নানা সীমাবদ্ধতার কারণে বর্তমানে তার পক্ষে রাজনীতিতে সক্রিয়ভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তিনি স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে দলের সম্মানিত সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আবেদনে তিনি আরও বলেন, তার পদত্যাগপত্র গ্রহণ করে দলীয় সদস্য পদ ও সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বাশার (সুমন) জানান, পারিবারিক নানা কারণে আপাতত তিনি রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান স্বাক্ষরিত ১০৩ সদস্যবিশিষ্ট পূর্বধলা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনিকে আহ্বায়ক, আটজনকে যুগ্ম আহ্বায়ক এবং ৯৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

নবগঠিত কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকজন সদস্যের পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত