বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা এবং নিষিদ্ধ জাল বিনষ্ট


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ আগস্ট ২০২৬, ০২:০১ দুপুর

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএসটিআই প্রতিনিধি ও পুলিশ ফোর্সের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফিলিং স্টেশন ও একটি বেকারিকে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল বিনষ্ট করা হয়েছে।

গত ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে এ অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজে বিএসটিআই লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও প্রয়োজনীয় অনাপত্তিপত্রসহ বাধ্যতামূলক কাগজপত্র না পাওয়ার পাশাপাশি ফুয়েল ডিস্পেন্সারের মাধ্যমে প্রতি ১০ লিটার অকটেনে ৯৩০ মিলিলিটার এবং পেট্রোলে ৮৯০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলে। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেনের দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অবকাশ এন্টারপ্রাইজে বিএসটিআই লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পাশাপাশি প্রতি ১০ লিটার অকটেনে ২১০ মিলিলিটার, পেট্রোলে ৫৪০ মিলিলিটার এবং ডিজেলে ৩৫০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। একই আইনের আওতায় প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ফুলকলি বেকারিতে সিএম লাইসেন্স ছাড়া চিপস, কেক ও বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ময়মনসিংহের ফিল্ড অফিসার রাহাত আহমেদ।

এছাড়া, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং প্রায় ২০০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত