২ মাস পর অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব, প্রধান আসামি গ্রেপ্তার
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:০৫ দুপুর

প্রায় দুই মাস পর হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৪ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, অপহরণ মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


_medium_1785988916.jpg)

_medium_1785988504.jpg)


