পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:০১ রাত

নেত্রকোনার পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের তিন বছর মেয়াদি ৭১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সঞ্জিত চন্দ্র করকে সভাপতি, বিশ্বজিৎ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বিকাশ ঘোষকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
সভায় বক্তারা বলেন, পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয়, এটি সনাতন সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। নতুন কমিটি ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সনাতন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা কামনা করে বলেন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে সম্প্রদায়ের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে মন্দিরের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি বাবু তরুণ কুমার রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বাবু তরুণ কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার ভাদুড়ী, দীপক রঞ্জন সরকারসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ।




_medium_1786160142.jpg)
_medium_1786160012.jpg)

