শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে দুই বছরেও জেল ভেঙে পলাতক প্রায় সারে ৩০০ আসামি এখনো অধরা 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৮ সকাল

 ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে লাঠিসোঁটা ও অন্যান্য অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় হামলাকারীরা কারাগার এর অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর করে কারাগারের বিভিন্ন কক্ষে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এতে পুড়ে যায় কারাগারের সকল নথিপত্র। লুট করা হয় কারারক্ষীদের অস্ত্র। এদিকে নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ ঘটনায় পালিয়ে যায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন মামলার প্রায় ৫১৮ কয়েদি। এদের মধ্যে এখনো ৩৪৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অভিযানে এ পর্যন্ত মাত্র ১৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র এবং কিছু উদ্ধার করা গেলেও বিপুল পরিমাণ গুলি এখনো উদ্ধার হয়নি। শেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আবদুস সেলিম বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

জেলার আবদুস সেলিম বলেন, হামলার সময় কারাগারের কম্বল, বালিশ, ফ্যান, সিসিটিভি ক্যামেরা, ওষুধ, আসবাবপত্র এবং বস্তাভর্তি খাদ্যসামগ্রী লুট করা হয়। তৎকালীন জেল সুপার লিপি রানী সাহার সরকারি বাসভবনেও হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট হয়। তিনি জানান, ভবনের ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। সংস্কার শেষে ২০২৪ সালের ১২ ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়।

হামলার সময় কারাগারের সব গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলেও এক কর্মচারীর কাছে থাকা ল্যাপটপে সংরক্ষিত কারা গোয়েন্দা তথ্যভাণ্ডার (পিআইডিএফ) অক্ষত থাকায় সেটি রক্ষা করা সম্ভব হয়েছে। জেলার বলেন, 'পলাতক বাকি বন্দিদের গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।'

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার সময় লুট হওয়া ৯টি চীনা রাইফেল ও শটগানের সব কটি অস্ত্র উদ্ধার করা গেলেও চীনা রাইফেলের ৮৪৪ রাউন্ড গুলির কোনো হদিস মেলেনি। শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩২ রাউন্ড উদ্ধার হয়েছে। অর্থাৎ মোট ১ হাজার ১৭৫ রাউন্ড গুলির মধ্যে এখনো ১ হাজার ১৪৩ রাউন্ড উদ্ধার হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা বলেন, কারাগার থেকে আসামি পলায়ন এর বিষয়ে ইতিমধ্যে আমরা অনেক আসামিকে গ্রেফতার করেছি এবং লুট হওয়া সকল অস্ত্র এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত