হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:০৪ দুপুর

হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, মদ ও কম্বলসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেন। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।
এ ছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও ৫ বোতল মদ জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা মদ ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেরক,
মোঃ মহিউদ্দিন আহম্মেদ
০১৭১৬-৮৮৫৯৬৮




_medium_1786160142.jpg)
_medium_1786160012.jpg)

