প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা (রহ.) আর নেই
আরবান ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:০১ রাত

ঢাকা মুসলিম বাজার জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীস, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কলংকা শরীফপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা গোলাম মোস্তফা (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাফেজ মাওলানা মুফতী মাসউদ মোস্তফার পিতা।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতালের একটি শাখায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শিষ্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আল্লামা গোলাম মোস্তফা (রহ.) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন খ্যাতিমান আলেম ও শায়খুল হাদীস হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি প্রখ্যাত আলেম আল্লামা জাফর আহমদ উসমানী (রহ.) এবং শায়েখে গহরপুরী আল্লামা নূরুদ্দীন (রহ.)-এর অন্যতম শাগরেদ ছিলেন। তাঁর ইলমি খেদমত, তাকওয়া ও শিক্ষাদানের মাধ্যমে তিনি হাজারো আলেম গড়ে তুলেছেন। তাঁর ইন্তেকালে এলাকার ধর্মীয় অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিনি মুসলিম বাজার জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেন।
মরহুমের জানাজা আগামীকাল (২৬ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন “আজকের আরবান”-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং আল্লাহ তায়ালার নিকট দোয়া করেছেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।




_original_1757748225_medium_1773037639_medium_1775365757.jpg)
