শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের তিন বইয়ের মোড়ক উন্মোচন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ রাত

নেত্রকোনার পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে লেখকের রচিত ‘অনুরাগের অনলে’, ‘ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ’ ও ‘মানুষ প্রয়োজন’-এই তিনটি গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এতে স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব, লেখক দীপক সরকার এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন। 

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লেখক জাকির হোসেন (জীবন) তালুকদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলী আহমদ খান আইয়ুব।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজকের আরবান প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, লেখক দীপক সরকার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাংবাদিক এমদাদুল ইসলাম, কবি জিল্লুর রহমান টিটু, আলতাব হোসেন  ও শহিদুল আলম মামুন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নতুন লেখকদের সাহসী পদচারণা সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করছে।

আব্দুস সালাম মন্ডলের গ্রন্থগুলো মানবজীবনের অনুভূতি, সংগ্রাম ও বাস্তবতার প্রতিফলন হিসেবে পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লেখক আব্দুস সালাম মন্ডল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পাঠকদের ভালোবাসাই আমার লেখার প্রধান প্রেরণা। ভবিষ্যতেও সাহিত্যচর্চা অব্যাহত রাখার চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে লেখকের প্রকাশিত গ্রন্থগুলো বিতরণ করা হয়। এ সময় বইগুলো ঘিরে উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং অনেকেই লেখকের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত