পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আর নেই
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার (জীবন) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।
জাকির হোসেন তালুকদার পূর্বধলা উপজেলার বাড়হা তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি মরহুম হেলাল মাস্টারের বড় ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
জানা যায়, জাকির হোসেন তালুকদার একসময় পূর্বধলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। রাজনীতির বাইরে তিনি সাহিত্যচর্চাও করতেন এবং নিয়মিত কবিতা লিখতেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতা, কবি-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় পূর্বধলা স্টেশন বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।







