শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় প্রখ্যাত আলেম মাওলানা আহমদ হোসাইনের জানাজা ও দাফন সম্পন্ন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রখ্যাত পীরে কামেল, শায়খুল হাদিস ও জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে সেহলা মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, ভক্ত ও সাধারণ মুসল্লিদের ঢল নামে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য আলেম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি সাত ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও শিক্ষার্থী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ মার্চ প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি কোমায় চলে যান। সর্বশেষ অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা আহমদ হোসাইন ১৯৩৩ সালে পূর্বধলা উপজেলার দামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ শিক্ষাজীবন শেষে সেহলা মাদরাসায় শিক্ষকতা শুরু করেন এবং প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি শায়খুল হাদিস ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত