গাইবান্ধায় সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩০ দুপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগে সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এলাকাবাসীর আয়োজনে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে। বেলা ১১টা ৩১ মিনিট থেকে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২১ মার্চ পারিবারিক কলহের জেরে সেনা সদস্যের ছুরিকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বর্তমানে সে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্টে কর্মরত বলে জানা গেছে।



_medium_1774889607.jpg)
_medium_1774889094.jpg)

_medium_1774865648.jpg)
