পূর্বধলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন এমপি মাছুম মোস্তফা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:১৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জয়নাল আবেদীন কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জয়নাল আবেদীন, বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হানিফ উদ্দিন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জয়নাল আবেদীন জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৬১, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের অনুকূলে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দ বিতরণের জন্য তালিকা করে উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীদের মাঝে স্বচ্ছতার মাধ্যমে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া বরাদ্দ থেকে এ অর্থ আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এর তালিকা করতে গিয়ে কারো কাছ থেকে কোনো ধরনের সুবিধা দাবি করা হয়নি। আমরা ইতিমধ্যে সরকারের বরাদ্দকৃত খেজুর, ঈদ উপহার শাড়ি স্বচ্ছতার মাধ্যমে বিতরণ করেছি। আগামীতেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার প্রতিটি বরাদ্দ স্বচ্ছতা ও ইনসাফের মাধ্যমে বিতরণ করা হবে।
আর ঈদের দেওয়া বরাদ্দ ব্যাংকের মাধ্যমে পূর্বধলায় আসতে আসতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে ঈদের পর দিতে হচ্ছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আগামীতে এ ধরনের বরাদ্দ যথাসময়ে দিতে চেষ্টা করবেন বলে তিনি জানান।



_medium_1774688266.jpg)
_medium_1774684420.jpg)


