শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় স্বাধীনতা দিবসে প্রশাসন, জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন, আজকের আরবান প্রকাশক ও সম্পাদক পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।

বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

এদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তবে এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অন্যদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের নেতৃত্বে বেলা সাড়ে ১২টায় উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে বেলা ১টায় উপজেলা কাচারী মসজিদ মাঠ থেকে আরেকটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত