রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বিশেষ ঈদের খাবার বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ মার্চ ২০২৬, ১১:১৫ রাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ ঈদের খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ইনডোর রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিনে পরিবার-পরিজন থেকে দূরে হাসপাতালে থাকা রোগীদের আনন্দ দিতে প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালে রোগীদের জন্য সেমাই, পাউরুটি, কলা ও ডিম দেওয়া হয়। দুপুরের খাবারের মেন্যুতে ছিল পোলাও, খাসির মাংস, মুরগির রোস্ট, বুটের ডাল, ডিম, মিষ্টি, তরমুজ, সালাদসহ বিভিন্ন উন্নত মানের খাবার।

খাবার বিতরণ কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিশ্ব প্রিয় মজুমদার। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে খাবারের গুণগত মান পরীক্ষা করেন এবং রোগীদের হাতে খাবার তুলে দেন।

চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, ঈদের দিনে হাসপাতালে থাকতে হবে ভেবে তাদের মন খারাপ ছিল, তবে বিশেষ খাবার ও চিকিৎসকদের আন্তরিকতায় তারা আনন্দিত হয়েছেন। এক রোগী বলেন, “ঈদের দিনে এমন আয়োজন পেয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা পরিবারের মাঝেই আছি।”

আরএমও বিশ্ব প্রিয় মজুমদার বলেন, অসুস্থতার কারণে যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে হাসপাতালে আছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী খাবারের মান নিশ্চিত করা হয়েছে এবং রোগীদের জন্য স্বাভাবিক ও আনন্দময় পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

খাবার পরিবেশনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করায় রোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত