পূর্বধলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:০৭ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার এলাকায় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ন-১২-০৬৯০ নম্বরের একটি পিকআপের সঙ্গে শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-থ-১১-৪৫৩৭ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে জামাল উদ্দিন (৫০) নামে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পূর্বধলা উপজেলার খলিশাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বধলা উপজেলার ৭নং আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় রাস্তার নিচে পড়ে যায়। এতে রহমত উল্লাহ (২৬) গুরুতর আহত হন। তিনি নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের আব্দুল্লাহর ছেলে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






_medium_1774169704.jpg)
