সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলার হোগলা বাজারের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাছুম মোস্তফার মতবিনিময় সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং হোগলা ইউনিয়ন শাখার আয়োজনে বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন, হোগলা বাজার কমিটির সভাপতি সোহরাওয়ার্দী মীর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম বাবুলসহ হোগলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিগণ। 

এ সময় বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোগলা ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক আকন্দ (বাচ্চু) এবং সভা সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আকিকুল ইসলাম (আতিক)।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা হোগলা বাজারের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে ছিল বাজারে নিরাপত্তা জোরদার, স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাবলিক টয়লেট চালু, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।

এছাড়া বিদ্যালয়ের নিকটবর্তী সিএনজি স্ট্যান্ড অন্যত্র স্থানান্তর, গরু-ছাগলের হাট সম্প্রসারণ, মাংস ও চাল মহালের অবকাঠামো উন্নয়ন, মাছ ও তরকারি মহালের ছাউনি সংস্কার, নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট বরাদ্দ, পুকুর ভরাট ও ব্যবস্থাপনা, ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা, খাজনা তালিকা প্রকাশ এবং স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের দাবিও জানান ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বলেন, হোগলা বাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

প্রধান অতিথি এমপি মাছুম মোস্তফা ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, পর্যায়ক্রমে বাজারের প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত