রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বিশকাকুনি ইউনিয়নের চকপাড়া গ্রামের তাজুল ইসলাম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা জাহাঙ্গীর আলমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ঘরের টিনের বেড়ার ফাঁকা অংশ দিয়ে ভেতরে তাকিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। 

খবর পেয়ে বিশকাকুনী ইউপি চেয়ারম্যান মো. আল আমিন থানায় বিষয়টি জানান। পরে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলম মাঝে মধ্যে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন এবং দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন। তার স্ত্রী ঢাকায় অন্যের বাসায় কাজ করেন। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত