সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

ওয়াসিক বিল্লাহ নোমানীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু যুবক, পরিবারের থানায় অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ মার্চ ২০২৬, ০১:১৭ রাত

নেত্রকোনার পূর্বধলায় এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার নাগরা শিববাড়ি গ্রামের প্রীতম ঠাকুর প্রীতু (২৪) রবিবার (২৯ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে পূর্বধলার ৬ নং ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের মারকাজে আশ্রয় নেন। সেখানে মারকাজের প্রধান ও আলোচিত বক্তা নওমুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানী-এর কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর প্রীতমের নাম রাখা হয়েছে মো. ইউসুফ।

তবে প্রীতমের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি নিয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, ওয়াসিক বিল্লাহ নোমানী তাদের ছেলেকে জোরপূর্বক আটকে রেখে ধর্মান্তর করিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে প্রীতম ঠাকুর প্রীতু (ওরফে মো. ইউসুফ) জানিয়েছেন, “আমি নিজ ইচ্ছায় এবং স্বজ্ঞানে ইসলাম গ্রহণ করেছি। আমাকে কেউ জোর করেনি। আমি নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেছি। বর্তমানে বিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং নেত্রকোনা কাজী অফিসে সহকারী হিসেবে কাজ করি। পরিবারের অভিযোগ ভিত্তিহীন।”

ওয়াসিক বিল্লাহ নোমানী বলেন, “মো: ইউসুফ  নিজের স্বাধীন ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। আমি এপর্যন্ত ৯শ’র বেশি মানুষকে ইসলাম দীক্ষিত করেছি, কাউকে জোর করে দীক্ষা দেওয়া হয়নি।”

তিনি আরও জানান, মো: ইউসুফ স্বেচ্ছায় ইসলাম গ্রহণের বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান-এর কাছে জবানবন্দি দিয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, “এই যুবক বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তাকে সোমবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত