দুর্গাপুরে মানবতার বাতিঘর “এস.বি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন”
আরবান ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৩২ রাত

নেত্রকোনার সুসং দুর্গাপুর প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের মাঝেই গড়ে উঠেছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ প্রতিষ্ঠাতা পরিচালক শওকত। তার স্বপ্ন, তার ব্যথা, আর তার দৃঢ় প্রত্যয় থেকেই জন্ম নিয়েছে “এস.বি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন”যা আজ হাজারো মানুষের জীবনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর, রক্তের অভাবে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা গভীরভাবে নাড়া দেয় শওকতের হৃদয়কে। সেই অসহায় মুহূর্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন—আর কোনো মানুষ যেন রক্তের অভাবে প্রিয়জনকে হারাতে না হয়। সেই অঙ্গীকার থেকেই প্রতিষ্ঠা করেন এই সংগঠন।
শওকতের নেতৃত্ব, দূরদৃষ্টি এবং অক্লান্ত পরিশ্রমেই সংগঠনটি ধীরে ধীরে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সভাপতি সৈকত সরকারসহ একদল তরুণকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী টিম, যারা দিন-রাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সংগঠনটি ৩৩০০ ব্যাগেরও বেশি রক্ত সংগ্রহ ও বিতরণ করেছে যার প্রতিটি ফোঁটায় জড়িয়ে আছে শওকতের স্বপ্ন ও মানবতার স্পর্শ। শুধু রক্তদান নয়, মাদকবিরোধী আন্দোলন, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রমেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
একজন ভুক্তভোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার রোগীর অবস্থা খুব খারাপ ছিল। কোথাও রক্ত পাচ্ছিলাম না। তখন শওকত ভাইয়ের সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। মুহূর্তের মধ্যে তারা রক্তের ব্যবস্থা করে দেয়। আজ আমার আপনজন বেঁচে আছে তাদের জন্যই।”
আরেকজন বলেন, “রক্ত পাওয়ার কোনো আশা ছিল না। কিন্তু শওকত ভাইয়ের নেতৃত্বে এই সংগঠনের ছেলেরা দিন-রাত পরিশ্রম করে আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের মানবিকতা আমরা কখনো ভুলবো না।”
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ আফসানা বলেন, “শওকত ও তার সংগঠন দুর্গাপুরে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনুকরণীয়। তরুণ সমাজকে এগিয়ে নিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, “শওকতের উদ্যোগে এই সংগঠন যে পরিমাণ রক্ত সরবরাহ করেছে, তা আমাদের স্বাস্থ্যসেবায় বড় অবদান। এ ধরনের মানবিক নেতৃত্ব সমাজে আরও প্রয়োজন।”
প্রতিষ্ঠাতা পরিচালক শওকত বলেন, “আমি শুধু চাই, আর যেন কারও চোখের সামনে রক্তের অভাবে প্রিয়জনকে হারাতে না হয়। মানুষের মুখে হাসি দেখাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতে মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য একটি ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন রয়েছে।”
সমাপনীতে বলা যায়—একজন শওকতের দৃঢ়তা, মানবিকতা আর স্বপ্নই আজ একটি সংগঠনকে হাজারো মানুষের জীবনের প্রতীক করে তুলেছে। “এস.বি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন” এখন শুধু একটি সংগঠন নয়, এটি এক মানবিক বিপ্লবের নাম।


_medium_1774711531.jpg)

_medium_1774711132.jpg)


