সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের আর্থিক সহায়তা পেল ২২০টি হতদরিদ্র পরিবার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ মার্চ ২০২৬, ০১:৩৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে ২২০টি পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে পূর্বধলা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এপি হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে অর্থ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে।

তিনি জানান, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে উপজেলার ১১টি ইউনিয়নের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২২০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব পরিবারের কাছে অর্থ পৌঁছে দেওয়া হয় এবং তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী আয়বর্ধক কাজে অর্থ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপকারভোগীদের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও টেকসই ফলাফল নিশ্চিত করতে আগামী ২ বছর ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ করবে।

আয়োজকরা জানান, স্থানীয় কমিটি ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কর্মসূচিতে নারী প্রধান পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, শিশুশ্রমে জড়িত পরিবারসহ প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নিয়মিত তদারকি ও পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সহায়তার অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা যায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার বাবলী রংমা।

উপকারভোগীদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে খারচাইল এলাকার বাসিন্দা রেখা বেগম বলেন, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। সঠিকভাবে অর্থ ব্যবহার করতে পারলে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়া সম্ভব হবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত