সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না, খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ দুপুর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হন। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, বরং তারা দেশের প্রতিনিধিত্ব করে তাদের ক্রীড়া দক্ষতার মাধ্যমে।

সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের পুরস্কার ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়।

তিনি উল্লেখ করেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক এবং পরাজয়ও জয়ের একটি অংশ। আলবার্ট আইনস্টাইন-এর উদ্ধৃতি দিয়ে বলেন, “যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো কিছুই করেনি।”

প্রধানমন্ত্রী জানান, বর্তমান বিশ্বে খেলাধুলা একটি পেশা হিসেবে স্বীকৃত। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার খেলোয়াড়দের ভাতা ও বেতন কাঠামোর আওতায় আনছে, যাতে তারা নিশ্চিন্তে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে।

এছাড়া ‘ক্রীড়া কার্ড’, ‘ফার্মার্স কার্ড’সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালুর কথাও তিনি তুলে ধরেন। ‘সবার জন্য ক্রীড়া’ লক্ষ্য নিয়ে সকল শ্রেণির মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্সসহ অন্যান্য খেলাতেও সম্ভাবনা রয়েছে। সম্প্রতি নারী ফুটসালে বাংলাদেশের সাফল্যের কথাও তিনি উল্লেখ করেন।

শিশুদের ছোটবেলা থেকেই খেলাধুলায় উৎসাহ দিতে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হবে।

সবশেষে তিনি খেলোয়াড়দের দেশপ্রেম ও টিম স্পিরিট নিয়ে দেশের জন্য খেলতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত