বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে বিপুল পরিমান ভেজাল পণ্য জব্দ: আটক-১


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৭:৪৫ বিকাল

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি চালের গুদাম থেকে বিপুল পরিমান ভেজাল আতব চাল, মসল্লা, বিষাক্ত ক্যামিকেলসহ বিভিন্ন পন্য জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ।

এসময় ভেজাল পন্য তৈরির নানা সরঞ্জামসহ ওই গ্রামের আকতারুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়েছে।

২০ মে বুধবার বিকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানা পুলিশের ওসি সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ভেজাল মালামাল ও যুবককে আটক করে। জব্দকৃত মালামাল অন্তত দুই মিনি ট্রাক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,  আকতারুজ্জামান দীর্ঘ দিন যাবৎ পঁচা নিম্ন মানের চাল ও মসল্লা কিনে রিফাইন করে ও বিষাক্ত সুগন্ধি মিশিয়ে ওই সব পন্য নামিদামি ব্রান্ডের মোড়কে ভরে বিক্রি করে আসছিল। এরমধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়াসহ নানা মসল্লা গুড়া। 

আসন্ন ঈদকে কেন্দ্র করে এসব পন্য বাজারে ছাড়া হয়েছে এবং প্রতিদিনই ভেজাল পন্য তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল পন্য জন স্বাস্থ্যের জন্য  ভয়ংকর বলে জানা গেছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানিয়েছেন, তদন্ত চলছে। আরও কোথায়, কে জড়িত তা দেখা হচ্ছে। আটককৃত পন্যের পরিমাণ কত এখনও হিসাব করা হয়নি। সিজার লিস্ট চলছে। নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেছেন এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত