পূর্বধলায় যুবদল কর্মীর ওপর হামলা, মোটরসাইকেলে আগুন
ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:২৩ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া বাজারে স্থানীয় যুবদল কর্মী সাহরিয়ার ওমর শরীফকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বুধবার (২০ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শরীফ বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাতজনিত ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

আক্রান্ত শরীফ ও তার পরিবার এ হামলার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করছেন।
হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, “শরীফ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এখানকার কিছু ব্যক্তি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, বর্তমানে জামায়াতে ইসলামী করছে। তারা বিনা উস্কানিতে শরীফের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং তার মোটরসাইকেলে আগুন দেয়।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু প্রমুখ।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, “এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”




_medium_1779259042.jpg)


