মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ মে ২০২৬, ০৩:০৭ দুপুর

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”-এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, পূর্বধলার আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান।

প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে/লিখিত বার্তায় যুক্ত ছিলেন স্থানীয় সরকার, নেত্রকোনার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী মো. বদিউজ্জামান (বাদল)।

কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা বলেন, জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক, তথ্যচিত্র প্রদর্শন, প্রচারপত্র বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করতে হবে। পাশাপাশি গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে বিচার কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত