বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ময়মনসিংহে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ৯৬ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১৯ মে ২০২৬, ০৭:৪৪ বিকাল

“সেবার ব্রতে চাকরি” এই মহৎ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
১৯ মে-২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
 
ময়মনসিংহ জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
 
মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে টিআরসি নিয়োগ কার্যক্রমের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সরকার ও পুলিশ সদর দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন কিংবা প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে।
 
জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ময়মনসিংহ জেলার মোট ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
 
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে। যোগ্য ও মেধাবী তরুণদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও আধুনিক, দক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।
 
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম বর্তমানে দেশের অন্যতম স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া হিসেবে পরিচিতি পেয়েছে। এতে সাধারণ পরিবারের মেধাবী তরুণ-তরুণীদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত