পূর্বধলায় পুলিশের পৃথক তিন অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার
আরবান ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:১৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক তিনটি অভিযানে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ১৫ কেজি জিরা, ২০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ও ১৯ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রথম অভিযানে ১৫ কেজি জিরাসহ হৃদয় রবিদাস (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চক লাঙ্গুড়া এলাকার মৃত সুখলাল রবিদাসের ছেলে।
দ্বিতীয় অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. কছম উদ্দিন (৬৩) ও হযরত আলী (২৬) নামের দুইজনকে আটক করে পুলিশ। তারা পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া তৃতীয় অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার তারাকান্দা এলাকার আব্দুল বারেকের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।




_medium_1779259042.jpg)


