বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে কলমাকান্দায় খাদ্য বৈচিত্র্য মেলা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৪:০২ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর এলাকায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস ও সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বারসিকের সহযোগিতায় এবং গোবিন্দপুর গ্রীকা (স্বচ্ছ) নারী সংগঠনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
দিবসটি উপলক্ষে স্থানীয় কৃষক, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি খাদ্য বৈচিত্র্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রজাতির শস্য, শাকসবজি, ফলমূল, দেশীয় খাদ্য ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের অংশ হিসেবে বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা-এর সঞ্চালনায় এবং রনিলা ম্রং-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ঝুলন কুমার সরকার, সহকারী শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়।
 
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাণবৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য মানবজাতির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশীয় বীজ, খাদ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাঁরা স্থানীয় জনগণকে জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্যবাহী খাদ্য ও সংস্কৃতির চর্চা এবং কৃষি প্রতিবেশভিত্তিক জীবনধারা শক্তিশালী করার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে নারী সংগঠনের সদস্য, কৃষক-কৃষাণী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে স্থানীয় জীববৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত